২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ০১:২৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘কিং’ দেখতে গিয়ে যু`ক্তি খুঁ`জবেন না, দর্শকদের বলে রাখলেন শাহরুখ
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৬
‘কিং’ দেখতে গিয়ে যু`ক্তি খুঁ`জবেন না, দর্শকদের বলে রাখলেন শাহরুখ

অ্যাকশন, নাটকীয়তা, গান ও তারকাদের সমাগমে ভরপুর হতে যাচ্ছে শাহরুখ খানের আগামী সিনেমা ‘কিং’। তবে বাণিজ্যিক ঘরানার এই সিনেমায় গল্পের সবকিছুতে যুক্তি খুঁজতে গেলে দর্শকদের কিছুটা ছাড় দিতে হবে বলে মনে করেন বলিউড অভিনেতা শাহরুখ খান।


সম্প্রতি মেটার আয়োজনে ‘হাউস অব ইনস্টাগ্রাম’ অনুষ্ঠানে নিজের নতুন সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। সেখানে সিনেমাটির দ্বিতীয় গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’ প্রকাশ করেন শাহরুখ। করণ জোহর ও কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আড্ডায় সিনেমাটি নিয়ে নানা প্রশ্নের উত্তরও দেন অভিনেতা।


‘কিং’ থেকে দর্শকদের প্রত্যাশা নিয়ে শাহরুখ বলেন, পরিবারের সবাই মিলে সিনেমাটি দেখতে পারবেন। এতে প্রচুর অ্যাকশন ও নাটকীয়তা রয়েছে, যার অনেক কিছুই এখনো প্রকাশ করা হয়নি। গানগুলো ইতিমধ্যে দর্শকেরা শুনেছেন। সিনেমায় অনেক তারকা থাকলেও তাদের নাম এখনই প্রকাশ করতে চান না তিনি।


সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে শাহরুখ বলেন, পরিচালক তার সঙ্গে দারুণ কিছু সিনেমা তৈরি করেছেন। ‘কিং’ও দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন তিনি। এটি এমন একটি সিনেমা, যা দেখে দর্শকেরা আনন্দ পাবেন। বাণিজ্যিক সিনেমা হিসেবে গল্পের কিছু অংশে যুক্তির বিচ্যুতি থাকলেও তা মেনে নেওয়ার সুযোগ রয়েছে। তবে সিনেমাটিতে আরও অনেক ভালো দিক রয়েছে।


কেন ‘কিং’ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সে প্রশ্নের জবাবে শাহরুখ দুটি কারণ তুলে ধরেন। প্রথমত, অভিনয়জীবনের শুরুতে নিজেকে খুব একটা সুদর্শন মনে করতেন না তিনি। সে সময় নায়ক হওয়ার প্রস্তাবকে ব্যক্তিগতভাবে বড় অর্জন হিসেবে দেখেছিলেন। তার মতো সাধারণ চেহারার একজনও নায়ক হতে পারেন, এই ভাবনাই তাকে অনুপ্রাণিত করেছিল।


শাহরুখ বলেন, ইন্ডাস্ট্রিতে আসার সময় নিজেকে দেখতে ভালো মনে করতেন না। নায়ক হওয়ার প্রস্তাব পেয়ে সেটিকে বিশেষভাবে আগলে রেখেছিলেন। এখনো নায়কের চরিত্রে নায়কের মতো করেই অভিনয় করতে চান তিনি।


দ্বিতীয় কারণ হিসেবে নিজের বয়স ও সহ-অভিনেত্রীদের সঙ্গে বয়সের ব্যবধানের কথা বলেন শাহরুখ। একটি সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে জানান, এক দৃশ্যে নায়িকার কাছে ভালোবাসার কথা বলার সময় তার মনে হয়েছিল, ‘কাল সকালের গণিতের বাড়ির কাজ শেষ করেছ তো, মা?’


এমন পরিস্থিতিতে হাসতে হাসতে শাহরুখ বলেন, সহ-অভিনেত্রীদের সঙ্গে বয়সের ব্যবধান বেড়ে যাওয়ায় নিজের বয়সের উপযোগী চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৬১ বছর বয়সে এমন একজন মানুষ হতে চান, যিনি বয়সের সঙ্গে মানানসই হয়েও আকর্ষণীয় ও প্রাসঙ্গিক থাকবেন। তার মেয়ে সুহানাও সিনেমাটিতে অভিনয় করছেন। তিনি চান, পর্দায় তাকে দেখে অন্য মেয়েরাও যেন নিজের বাবাকে এমন একজন মানুষ হিসেবে কল্পনা করতে পারেন।


গম্ভীর ও চিন্তাশীল সিনেমার প্রত্যাশা করা দর্শকদের প্রসঙ্গেও কথা বলেন শাহরুখ। নিজেকে মূলত একজন বিনোদনদাতা হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, সিনেমা দেখতে গিয়ে দর্শকেরা যেন কোথাও নাচতে পারেন, কাঁদতে পারেন, গানের সঙ্গে গলা মেলাতে পারেন এবং গল্পের আবেগ ও নাটকীয়তা উপভোগ করতে পারেন, সেটিই তার কাছে গুরুত্বপূর্ণ।




শেয়ার করুন